অতিরিক্ত গরমে স্বস্তি পেতে আরামদায়ক টি-শার্ট

CLs ||গরমে ক্যাজুয়াল পোশাক হিসেবে টি-শার্টের জুড়ি মেলা ভার। আরামদায়ক এই পোশাক পরা যায় যেকোনো বয়সেই। রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট বেশ পরিচিত বাঙালি ঘরানার টি-শার্টের জন্য। টি-শার্টে বাঙালির ঐতিহ্য বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার বিভিন্ন ফ্যাশন হাউসের টি-শার্টে। জেনে নিন আজিজ সুপার মার্কেটে অবস্থিত বেশ কিছু ফ্যাশন হাউসের টি-শার্টের দরদাম।
আজিজ সুপার মার্কেটে ফ্যাশন হাউস ইজি-তে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনে টি-শার্ট। চায়না ও বাংলাদেশী দুই কাপড়ের টি-শার্ট রয়েছে তাদের সংগ্রহে । কলারওয়ালা টি-শার্ট, যাকে সবাই পোলো টি-শার্ট বললেই চেনে, তার দাম ৪৯০ থেকে ৮৯০ টাকা । তা ছাড়া গোলগলা টি-শার্ট পাওয়া যাবে ৪৫০ থেকে ৪৯০ টাকার মধ্যে। বিক্রেতা মাসুদ রানা জানান, চায়না কাপড়ের টি-শার্টই চলছে বেশি।
ঐতিহ্য সেজেছে একটু আলাদা ধাঁচে। তাদের অধিকাংশ টি-শার্টে দেখা গেছে
বাঙালিয়ানার ছাপ। কোনটায় রবি ঠাকুরের ছবি আছে তো, কোনটায় নজরুলের ছবি। জীবনানন্দের দুলাইন কিংবা ইয়া বড় পালতোলা নৌকার ছবি। গোলগলা এসব টি-শার্টের আবার প্রকারভেদ রয়েছে, যেমন বিসকস এবং বেসিক। বিসকস কিনতে খরচ করতে হবে ৩২০ টাকা। চলবে না দরদাম করা। আর বেসিক পাওয়া যাবে ২২০ টাকায়। এদিকে ঐতিহ্যর পোলো টি-শার্ট পাওয়া যাবে ৫০০ টাকায়।
কটন পয়েন্ট নামক দোকানে পাওয়া যাবে ভি-গলা ডিজাইনের টি-শার্ট। আরিজান নামে পরিচিত এই টি-শার্ট পাওয়া যাবে ৩২০ টাকা থেকে ৩৮০ টাকার মধ্যে। এ ছাড়া গোলগলা টি-শার্টের দাম ২০০ থেকে ২৪০ টাকা। পোলো টি-শার্টও এখানে মিলবে বেশ কম দামে। ৪০০ টাকা থেকে ৫৫০ টাকার মধ্যে। প্রতিষ্ঠানটির বিক্রেতা ইসমাইল জানান, সবচেয়ে বেশি চলছে গোলগলা টি-শার্ট, কারণ এর দাম অপেক্ষাকৃত কম।
আজিজ সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী টি-শার্ট কেনা প্রসঙ্গে জানান, টি-শার্ট পরে প্রায় সবখানেই যাওয়া যায়। ক্লাস করা যায় সহজেই। আর গরমে তো খুব আরামদায়ক। বার্ডস আই-এর শোরুমে ভি-গলা টি-শার্ট পাওয়া যাচ্ছে ৩২০ টাকা থেকে ৩৮০ টাকায়। গোলগলার দাম ২৬০ টাকা থেকে ২৮০ টাকা। পোলো টি-শার্ট পাওয়া যাচ্ছে ৩৯০ টাকা থেকে ৪২০ টাকার মধ্যে।
বিক্রেতা আবদুর রহমান জানান, বর্তমানে কিছুটা ঝিমিয়েই পড়েছে টি-শার্টের বিক্রি। কারণ হিসেবে তিনি দায়ী করেন আসন্ন রমযান এবং ঈদকে। বিন্দুতে মেয়েদের টি-শার্ট পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে। এ ছাড়া আজিজের আরো বিভিন্ন দোকানে মিলবে টি-শার্ট। তাই আর দেরি না করে এই গরমে আপনার পছন্দের টি-শার্ট পেতে আজই চলে যান আজিজ সুপার মার্কেটের বিপণিগুলোতে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

শিশুর চোখ রক্ষায় নিন উপযুক্ত যত্ম

দেবের সাথে কাজ করবেন মিষ্টি